ছবি: এসআরবি-৯
সিলেট নগরীর মুরাদপুর এলাকায় পরিবেশ দূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১৪টি ট্রাকের চালককে জরিমানা করা হয়েছে। পৃথক মামলায় তাদের কাছ থেকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯, সিপিএসসি, সিলেট ও পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, সিলেটের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিভিন্ন ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন পরীক্ষা করা হয়। এ সময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের দায়ে ১৪টি ট্রাকের চালকের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়। পরে তাদের মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
আইন অনুযায়ী, অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ন মোটরযানে স্থাপন ও ব্যবহার নিষিদ্ধ। এসব আইন লঙ্ঘনের ক্ষেত্রে কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
