ছবি: সংগৃহীত
সিলেট মহানগরীর সোবহানীঘাট ও মেন্দিবাগ এলাকায় অস্বাস্থ্যকর ও নিয়মবহির্ভূতভাবে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে সোবহানীঘাট এলাকার ‘ভাই ভাই লাইভ বেকারি’ পরিদর্শনে যান ভ্রাম্যমাণ আদালত। সেখানে বেশ কিছু খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মেয়াদ সংক্রান্ত তথ্য না থাকা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, তাই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, মেন্দিবাগ এলাকায় অবস্থিত ‘বি বাড়িয়া লাইভ বেকারি’তে অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি বৈধ লাইসেন্স ছাড়াই পণ্যের ওপর বিএসটিআই বা স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করে আসছিল। নিয়ম লঙ্ঘনের এই দায়ে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা। সংবাদমাধ্যমকে তিনি জানান, সাধারণ মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের সতর্ক করতেই এই কার্যক্রম। জনস্বার্থ রক্ষায় নগরীর বিভিন্ন এলাকায় প্রশাসনের এমন তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
