ছবি: সংগৃহীত
লিবিয়া থেকে আরও ১৭২ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রত্যাবাসিত ব্যক্তিদের মধ্যে ১৮ জন শারীরিকভাবে অসুস্থ।
বুধবার (২৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার মিসরাতা শহর থেকে ১৭২ বাংলাদেশিকে মানবিক সহায়তায় দেশে ফেরানো হচ্ছে। বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট ইউজেড২২২-এ তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাঁরা ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ মিসরাতা শহরে প্রত্যাবাসনপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি তুলে ধরেন।
রাষ্ট্রদূত বলেন, অবৈধ পথে বিদেশযাত্রার শারীরিক, মানসিক, আর্থিক ও সামাজিক পরিণতি অত্যন্ত ভয়াবহ। বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে দূতাবাস নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
তিনি দেশে ফিরে আত্মবিশ্বাসের সঙ্গে নতুন জীবন শুরু করতে এবং ভবিষ্যতে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বৈধ পথ অনুসরণ করতে প্রত্যাবাসিত ব্যক্তিদের আহ্বান জানান। একই সঙ্গে মানবপাচারকারী ও দালাল চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার পরামর্শ দেন।
অনিয়মিত অভিবাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও প্রত্যাবাসিত ব্যক্তিদের ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রদূত।
দূতাবাস জানায়, লিবিয়ায় আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছে।
