ছবি: সংগৃহীত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার। আহত রেজা রুবেলের অভিযোগ, ঘটনার ভিডিও ধারণ করতে গেলে চিকিৎসকরা তাকে মারধর করেন এবং এতে তার মাথা ফেটে যায়। বর্তমানে তিনি হাসপাতালের পঞ্চম তলার অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিকের অস্ত্রোপচার শেষে হাসপাতালে ভর্তি না করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সহকর্মীরা তাদের নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
সাংবাদিকদের অভিযোগ, ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত হওয়ার পর চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে গেলে কর্তব্যরতরা জানান, ইন্টার্ন চিকিৎসকদের ডাকে হাসপাতালে রোগী ভর্তি ও অন্যান্য চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিকে, রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত চিকিৎসাসেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। এ সময় সেবা না পেয়ে গুরুতর অসুস্থ কয়েকজন রোগীকে হাসপাতাল ছেড়ে চলে যেতে দেখা যায়। চিকিৎসাসেবা বন্ধের প্রতিবাদ জানাতে গেলে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বলেও অভিযোগ রয়েছে।
রোগীর স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার পর ইন্টার্ন চিকিৎসকদের লাঠিসোঁটা নিয়ে হাসপাতাল এলাকায় শোডাউন করতেও দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন রোগীর স্বজন আহত হয়েছেন। মারধরের পর কয়েকজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মধ্যরাতে সাংবাদিকদের প্রতিবাদ
দুই সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে বুধবার রাত ১২টার দিকে নগরের চৌহাট্টা পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা। সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং পেশাগতভাবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
