সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিভাগভিত্তিক ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে তিনটি বিভাগের মধ্যে মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম।
বোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ। এ বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৪ হাজার ৩৫৩ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৮৩৮ জন।
অন্যদিকে মানবিক বিভাগে পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ। এ বিভাগে ৪৯ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২ হাজার ৮৪৮ জন।
এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ। এ বিভাগে ৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৯১১ জন।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগের পাসের হার মানবিক বিভাগের চেয়ে ২২ দশমিক ২৫ শতাংশ পয়েন্ট বেশি। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগের তুলনায় মানবিক বিভাগে পাসের হার ১ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট কম।
উল্লেখ্য, এ বছর সিলেট শিক্ষা বোর্ডে তিন বিভাগ মিলিয়ে ৭১ হাজার ৮৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৫৯৭ জন।
