https://www.emjanews.com/

20158

sylhet

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৬ ১৪:১৫

আপডেট

৩১ অক্টোবর ২০২৬ ১৪:১৬

সিলেট

সিলেটে ১ কোটি ২৩ লাখ টাকার চালান জব্দ: হোতারা অধরা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ১৪:১৫

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ, কসমেটিকসসহ বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করার তথ্য দেয়নি বিজিবি।

শনিবার (৩১ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদর দপ্তরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল বিওপির নিয়মিত টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় মদ, বিভিন্ন ধরনের কসমেটিকস, মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সনপাপড়ি ও জিরাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ, রসুন ও সোয়েটার এবং অবৈধভাবে পাথর বহনকারী বাংলাদেশি ঠেলাগাড়িও আটক করা হয়।

জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।

জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।