শিরোনাম
সিলেটে বিএনপির নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান মন্ত্রী আরিফুলের ২২ বছর পর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালাও পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি: এমপি লুনা সিলেটে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা: যেভাবে হলো শেষ রক্ষা সিলেটের সড়ক-হোটেল এখন কঠোর নজরদারিতে: এসএমপির বার্তা সিলেটে ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেফ/তার তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান

https://www.emjanews.com/

20392

sylhet

প্রকাশিত

০৭ নভেম্বর ২০২৬ ২৩:৩৮

সিলেট

মানবতার টানে অসুস্থ পিয়াল পুলকের পাশে প্রবাসীরা

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ ২৩:৩৮

মানবতা ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশ-বিদেশে ছড়িয়ে থাকা হৃদয়বান মানুষ। গুরুতর অসুস্থ সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী পিয়াল দাশ পুলকের চিকিৎসার জন্য প্রবাসীদের উদ্যোগে ৬৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মানবসেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেকের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অরুণ চন্দ্র পাল বলেছেন, আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। মানুষের বিপদে মানুষই এগিয়ে আসবে-এমন সহমর্মিতার সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

শনিবার (৭ নভেম্বর)  সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট আয়োজিত পিয়াল দাশ পুলকের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিয়ালের অসুস্থতার খবর শুনে তার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন কানাডাপ্রবাসী কয়েকজন মানবিক হৃদয়ের মানুষ। বাংলাদেশ মাইনরিটি রাইটস অ্যালায়েন্স, টরন্টো, কানাডার সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন দাশের সার্বিক তত্ত্বাবধানে ৬৫ হাজার টাকা সংগ্রহ ও পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

এ উদ্যোগে সহযোগিতা করেন সি.আর. দত্ত মেমোরিয়াল ফাউন্ডেশন, কানাডা, ব্রামটন নিবাসী প্রফেসর কল্যাণ সোম, টরন্টো নিবাসী ডক্টর জ্যোতির্ময় দত্ত ও ইন্দ্রজিত মিত্র এবং মন্ট্রিয়ল নিবাসী বিজয় ভূষণ চৌধুরী বিজুসহ প্রবাসী মানবহিতৈষী ব্যক্তিবর্গ।

পিয়ালের চিকিৎসায় সহায়তার আবেদনটি অনলাইনে ছড়িয়ে দিয়ে মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডিবিসি নিউজের প্রত্যুষ তালুকদার ও সিলেট টুডে নিউজের আসিফ আহমেদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান প্রবাসী নেতৃবৃন্দ।

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের সভাপতি ও ইমিগ্রেশন অ্যাডভাইজার জি.ডি. রুমুর সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক ও ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার দ্বীপক কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফণী ভূষণ সরকার এবং সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মিহির কান্তি দাশ, সিলেট টুডে নিউজের আসিফ আহমেদ, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক ও এমসি কলেজের সহকারী অধ্যাপক কানন কান্তি দাশ, জেলা শাখার সহসভাপতি অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়, কার্যকরী সদস্য ও প্রধান শিক্ষক পাচু মোহন বিশ্বাস, অবসরপ্রাপ্ত ব্যাংকার রূপক ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক অজয় কুমার দাশ এবং মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার দাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ মির্জাজাঙ্গালে পিয়ালের মা সুজাতা দাশ গুপ্তের বাসায় গিয়ে তাঁর হাতে চিকিৎসার জন্য সংগৃহীত ৬৫ হাজার টাকা তুলে দেন।

একটি অসুস্থ শিশুর চিকিৎসায় প্রবাসীদের এই সহযোগিতা কেবল আর্থিক অনুদান নয়, এটি পিয়াল ও তার পরিবারের জন্য আশার আলো, সাহস ও ভালোবাসার বার্তা। দূর প্রবাসে থেকেও যে মানুষের হৃদয় দেশের মানুষের জন্য কাঁদে, এই উদ্যোগ তারই উজ্জ্বল প্রমাণ।

মানুষ মানুষের জন্য, এই চিরন্তন সত্যকে ধারণ করে পিয়ালের সুস্থ হয়ে আবারও বিদ্যালয়ের আঙিনায় ফিরে আসার প্রত্যাশা সবার।