ছবি: সংগৃহীত
সনাতন ধর্মীয় ভাবধারা, ভক্তি ও আধ্যাত্মিক চেতনার আবহে হবিগঞ্জে উদ্বোধন হতে যাচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে নির্মিত নবনির্মিত শ্রীশ্রী নৃসিংহ জিউ মন্দির। এ উপলক্ষে আগামী ১২ ও ১৩ নভেম্বর দুই দিনব্যাপী ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আসছে ১৩ নভেম্বর (শুক্রবার) সকালে শহরের বগলাবাজার এলাকার নৃসিংহ আখড়া রোডে মন্দিরটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, ১২ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় শুভ অধিবাসের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। পরদিন শুক্রবার ভোর ৪টা ৩০ মিনিটে মঙ্গল আরতি এবং সকাল ৬টা ৩০ মিনিটে নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ (জুমের মাধ্যমে)।
দিনব্যাপী ধর্মীয় আয়োজনে থাকছে দর্শন আরতি, শ্রীল প্রভুপাদের কথামৃত, শ্রীশ্রী নৃসিংহদেবের বিশেষ যজ্ঞ, মহাভোগ নিবেদন, ভক্তিমূলক কীর্তন, আরতি ও বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
আয়োজক কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ ও পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।
এ ছাড়া ইসকনের বিভিন্ন পর্যায়ের সন্ন্যাসী, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও দায়িত্বশীল ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেবেন।
মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ সম্পর্কে অধ্যক্ষ শ্রী উদয় গৌর দাস ব্রহ্মচারী জানান, দীর্ঘদিনের পরিকল্পনা এবং শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ ও শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজের অনুপ্রেরণায় মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ভক্তদের শ্রম, ত্যাগ ও আন্তরিক সহযোগিতায় নৃসিংহ জিউ মন্দিরটি উদ্বোধনের পর্যায়ে এসেছে।
তিনি বলেন, হবিগঞ্জে ইসকন নৃসিংহ মন্দির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে শ্রীকৃষ্ণভাবনামৃতের প্রচার, আধ্যাত্মিক চেতনা জাগ্রত করা এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা। এ মন্দিরকে কেন্দ্র করে মানুষ নিয়মিত ধর্মীয় সাধনা, ভক্তিমূলক কার্যক্রম ও আধ্যাত্মিক চর্চার সুযোগ পাবেন।
অধ্যক্ষ আরও বলেন, ১৩ নভেম্বর তাঁদের জন্য অত্যন্ত আনন্দ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা, কীর্তন ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী, ভক্তবৃন্দ ও সর্বস্তরের মানুষকে এ পুণ্য আয়োজনে অংশগ্রহণ করে ধর্মীয় উৎসবকে সার্থক ও আনন্দমুখর করে তোলার আহ্বান জানানো হয়েছে।