ছবি: ইমজা নিউজ
‘মাদকমুক্ত তারুণ্যে রুখে দাও ইভটিজিং’ স্লোগানকে সামনে রেখে লংলা আধুনিক ডিগ্রি কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) কলেজ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল হোসেন। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাপ মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি ২০১১ সালে তাঁর লেখা ‘ইভটিজিং যারা করে তারা কি বুঝে?’ শীর্ষক প্রবন্ধের বিষয়বস্তু তুলে ধরেন। মাদকের করালগ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবারের সদস্যদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ইভটিজিং ও মাদকাসক্তি সামাজিক ব্যাধি। এগুলো নির্মূলে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। একজন সন্তান শুধু একটি পরিবারের নয়, সে সমাজেরও একজন সদস্য। তাই সামাজিকভাবেই এসব সমস্যা নিরসনে উদ্যোগ নিতে হবে। সন্তানদের যেমন মা-বাবা ও বড়দের শ্রদ্ধা করতে হবে, তেমনি ছোটদের প্রতি স্নেহশীল হতে হবে এবং তাদের মতামতেরও মূল্যায়ন করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন, গভর্নিং বডির সদস্য আরিফুল ইসলাম বেলাল, সাবেক সদস্য মো. লিয়াকত আলী, সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার দেবনাথ, শিক্ষক পরিষদের সম্পাদক হেলাল খান, শিক্ষক প্রতিনিধি আব্দুল মালিক, অভিভাবক ডা. আহমেদ ফারুকী ও সালেহ আহমদ সাবুল।
শিক্ষার্থীদের মধ্যে মতামত তুলে ধরে বক্তব্য দেন দূর্বা চৌধুরী, ঋতু দেব, রহিম খান ও সৈয়দা জাকিয়া ফাতেমা।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল হোসেন বলেন, লংলা আধুনিক ডিগ্রি কলেজ ধূমপানমুক্ত, মোবাইলমুক্ত ও রাজনীতিমুক্ত। মাদক ও ইভটিজিং প্রতিরোধে কলেজ প্রশাসন আরও বলিষ্ঠ পদক্ষেপ নেবে। এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে। অচিরেই সরকার নির্দেশিত মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন করা হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও গভর্নিং বডির সদস্য নাজমা বানু ও গায়ত্রী চক্রবর্তী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ আতিকুজ্জামান, প্রভাষক আক্তার হোসেন, মাহবুবুর রহমান, সাফায়েত উল্লাহ ও মিঠুন চক্রবর্তী, গভর্নিং বডির সদস্য সুরজিত দেব, সমরেশ দাস রায় ও খায়রুল আনাম। এ ছাড়া কলেজের অফিস সহকারী সাদেক আহমেদ চৌধুরী ও তোফায়েল আহমেদ প্রমুখ।
