শিরোনাম
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ের আভাস সাদাপাথর ও ভোলাগঞ্জের পর্যটন উন্নয়নে নতুন উদ্যোগ সরকারি খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১ হাজার জুলাই যোদ্ধা: প্রবাসীকল্যাণ মন্ত্রী গোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের লগি-বৈঠার তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ হবিগঞ্জের ডিসি-ফেনীর এসপিকে গোপালগঞ্জে পাঠাল সরকার চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ সিলেটে গুজব ছড়ানোর দুই দিন পর গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আ গু ন সিলেটে কাল ধর্মঘট: পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: ফুটবলে স্বপ্নভঙ্গের দিন

https://www.emjanews.com/

20580

surplus

প্রকাশিত

১৫ নভেম্বর ২০২৬ ১৯:০৭

অন্যান্য

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ ২০৫ অভিবাসী আটক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ ১৯:০৭

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গভীর রাতে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজ্যের সেনাইয়ের তামান দেসা ইদামান এলাকার কয়েকটি আবাসিক ভবনে পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২০৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫৭ জন নারী রয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জোহর রাজ্য অভিবাসন বিভাগ এবং মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

জোহর রাজ্য অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে ২০ থেকে ৫৬ বছর বয়সী মোট ৫৪৩ জন বিদেশি নাগরিকের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২০৫ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, পাকিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন।

তিনি জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে অনেকের কাছে কোনো পরিচয়পত্র বা বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি। আবার কেউ কেউ মালয়েশিয়ায় অবস্থানের অনুমোদিত মেয়াদ অতিক্রম করেছেন।

অভিযানকে কার্যকর করতে আধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হয়। বিদেশিদের চলাচল পর্যবেক্ষণ এবং সম্ভাব্য পালানোর পথ শনাক্ত করতে ড্রোন মোতায়েন করা হয়েছিল। এর মাধ্যমে অভিযানের আওতাধীন আবাসিক ভবন ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয় বলে জানান লোকমান এফেন্দি।

তিনি আরও জানান, অভিযানের সময় একটি আবাসিক ইউনিটেও তল্লাশি চালানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউনিটটি সংস্কার করে বিদেশি নাগরিকদের বিনোদনমূলক কর্মকাণ্ড পরিচালনার স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

অভিযানে আটক ২০৫ জনকে অধিকতর তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জোহরের সেটিয়া ত্রোপিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এদিকে, জোহর রাজ্যের আবাসন ও স্থানীয় সরকারবিষয়ক নির্বাহী পরিষদের চেয়ারম্যান দাতুক মোহাম্মদ জাফনি মোহাম্মদ শুকর এক বিবৃতিতে জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের আনাগোনা রয়েছে এমন চিহ্নিত এলাকাগুলোতে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিশৃঙ্খলা, জনদুর্ভোগ ও আবাসিক পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ পাওয়া গেলে সেসব এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে।

তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দাতুক ওন হাফিজ গাজির ঘোষিত ‘মাজু জোহর’ উন্নয়ন কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো রাজ্যের নাগরিকদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা। যাতে তাঁরা নির্বিঘ্নে কর্মস্থলে যাতায়াত করতে পারেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দৈনন্দিন জীবনযাপন করতে পারেন।

এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, জননিরাপত্তা, আবাসিক এলাকার সুষ্ঠু পরিবেশ এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।