https://www.emjanews.com/

20822

national

প্রকাশিত

২৩ নভেম্বর ২০২৬ ১৬:১০

আপডেট

২৩ নভেম্বর ২০২৬ ১৬:১৩

জাতীয়

হাজারো ভক্তের পদচারণে মুখর দুবলার চর

মেঘের চাদর সরিয়ে আলোরকোলে রাস-আমেজ

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ১৬:১০

ছবি: সংগৃহীত

​ঘূর্ণিঝড় আকভানের রেশ আর টানা কয়েক দিনের আকাশভাঙা বৃষ্টি-সব শঙ্কা ও বাধা পেরিয়ে সুন্দরবনের কোলঘেঁষা দুবলার চরের আলোরকোলে যেন নেমে এসেছে উৎসবের স্বর্গীয় আভা। কার্তিকের পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের ঐতিহ্য রাস উৎসবকে ঘিরে সমুদ্র ও ম্যানগ্রোভের এই নির্জন চরে এখন ভক্ত আর দর্শনার্থীদের ঢল। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি আর ভক্তির আবহে প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে উৎসবের আমেজ।

​শনিবার (২২ নভেম্বর) ভোরের আলো ফোটার পর থেকেই ট্রলার ও নৌকার ছন্দময় ভটভট শব্দে মুখর হয়ে ওঠে সুন্দরবনের জলপথ। বন বিভাগের পাস-পারমিট হাতে নিয়ে নির্ধারিত নৌপথ ধরে হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থী পা রাখেন আলোরকোলের বালুকাবেলায়। সারাদিন ধরে চলেছে পূজা-অর্চনা ও নানা ধর্মীয় আচার। ভোরের পবিত্র পুণ্যস্নানে নিজেকে সমর্পণ করার প্রতীক্ষায় এখন প্রহর গুনছেন ভক্তরা।

​প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমায় দুবলার চরের আলোরকোলে বসে এই মিলনমেলা। বিশ্বাস, রাসপূর্ণিমার ভোরে পুণ্যস্নানে ধুয়ে যায় মনের কালিমা, মেলে আশীর্বাদ ও কল্যাণ। সেই অটুট বিশ্বাস আর সুন্দরবনের নৈসর্গিক রূপের টানেই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। ​ ​

 

বন বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর রাস উৎসব উপলক্ষে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই স্টেশন থেকে ২৯৯টি ট্রলারে ৬ হাজার ৪২২ জন এবং ঢাংমারী স্টেশন থেকে ১১১টি ট্রলারে ২ হাজার ৩৭১ জনকে অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান স্টেশন থেকে ১০টি ট্রলারে ১৬৫ জন, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৭টি ট্রলারে ২১১ জন এবং কোবাদক স্টেশন থেকে একটি ট্রলারে ২৭ জন পুণ্যার্থী ও দর্শনার্থী যাতায়াতের পাস পেয়েছেন। ​পূজায় অংশ নিতে আসা পুণ্যার্থী নিতিশ সানা বলেন, রাসপূর্ণিমার তিথিতে ভোরে স্নান করলে পাপ-তাপ দূর হয় এবং জীবনের কল্যাণ ও আশীর্বাদ লাভ করা যায়। প্রতিবছরের মতো এবারও বৃষ্টিকে সঙ্গী করেই তিনি দুবলার চরে ছুটে এসেছেন।

​দাকোপ উপজেলা থেকে আসা পুণ্যার্থী কালিপদ রায় জানান, গতকাল বন বিভাগের অনুমতি নিয়ে কয়েক দফা বৃষ্টি উপেক্ষা করে চরে পৌঁছেছেন তাঁরা। সারা রাত থেমে থমে বৃষ্টি ঝরলেও সকালে মেঘ সরিয়ে রোদের ঝিলিক দেখা দিয়েছে। নির্বিঘ্নে পুণ্যস্নান সেরে ঘরে ফিরতে পারলেই তাঁদের এই যাত্রা পূর্ণতা পাবে। ​

দুবলার চর রাস উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, তিথি মেনে শনিবার থেকেই পূজা-অর্চনা শুরু হয়েছে। ঘূর্ণিঝড় আকভানের শঙ্কা কাটিয়ে বৃষ্টির মধ্যেও শত শত ট্রলারে করে হাজারো ভক্ত চরে এসেছেন।

আগামী ২৪ নভেম্বর পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই উৎসব। ​উৎসবের আনন্দের মাঝেও সুন্দরবনের নিরীহ বন্য প্রাণী ও বনজ সম্পদ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে কড়া নজর রেখেছে বন বিভাগ। দর্শনার্থীদের চলাচলের জন্য পাঁচটি পথ নির্ধারণ করা হয়েছে এবং চলছে নিয়মিত টহল। ​

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, ঘূর্ণিঝড় আকভানের কারণে পাস দেওয়া নিয়ে শুরুতে কিছুটা সংশয় থাকলেও আবহাওয়া অনুকূলে আসায় শনিবার সকাল থেকেই অনুমতি দেওয়া হয়েছে। নির্ধারিত পাঁচটি পথ দিয়ে কেবল দিনের বেলাতেই চলাচল করা যাবে। ​তিনি আরও জানান, নির্ধারিত চেকপোস্ট ছাড়া কোথাও নৌযান নোঙর করা যাবে না। আগ্নেয়াস্ত্র বা অবৈধ কিছু বহন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে; হরিণ শিকারের ফাঁদ, কুঠার বা করাত পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বনের পরিবেশ নির্মল রাখতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল, প্লেট, গ্লাস ও চামচ বহন এবং মাইক বাজিয়ে শব্দদূষণ না করার আহ্বান জানিয়েছেন তিনি। ​

সব মিলিয়ে মেঘ-বৃষ্টির বিদায় আর সূর্যের সোনালি রোদে দুবলার চরের আলোরকোলে এখন ভক্তি, প্রকৃতি আর উৎসবের এক অনন্য মেলবন্ধন