ছবি: ইমজা নিউজ
কক্সবাজারের সৈকতে চার দিনের রোমাঞ্চকর লড়াই শেষে পর্দা নেমেছে জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর। প্রতিযোগিতার পুরুষ বিভাগে মাল্টিফ্যাবস স্পোর্টিং ক্লাবের ‘বি’ দল এবং নারী বিভাগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘এ’ দল চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (২২ নভেম্বর) কক্সবাজারের ডলফিন বিচে (ডিভাইন ইকো রিসোর্টের সামনে) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসন-২১-এর সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
পুরুষ বিভাগে মাল্টিফ্যাবস স্পোর্টিং ক্লাবের ‘বি’ দলের রাতুল ও সাদী মুহাম্মদ শাফিন শিরোপা জেতেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ‘এ’ দলের হরসিত বিশ্বাস ও সোহান রানার্সআপ হন। তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ‘এ’ দল। দলটির খেলোয়াড় মো. আদিব ইসলাম ও মো. আরাফাত ইসলাম।
নারী বিভাগে শিরোপা জেতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘এ’ দল। দলের লাকি ও মরাসাইন্দা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্সআপ হয় বাংলাদেশ পুলিশ দল। দলের তকফিয়া ও সাবিনা দ্বিতীয় স্থান অর্জন করেন। তৃতীয় হয় আনসারের ‘বি’ দল। দলটির খেলোয়াড় টুম্পা ও আজমিরা।
গত ১৯ নভেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১৭টি সংস্থা, বাহিনী, ক্লাব, জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৪টি পুরুষ এবং ১২টি নারী দল অংশ নেয়।
প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও নীলসাগর গ্রুপ। হসপিটালিটি পার্টনার ছিল ডিভাইন ইকো রিসোর্ট ও হোটেল সিলভার বে। পার্টনার হিসেবে ছিল অ্যাকশনএইড এবং মিডিয়া পার্টনার ছিল একুশে টেলিভিশন।
আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সব পৃষ্ঠপোষক, সহযোগী প্রতিষ্ঠান, আয়োজক, স্বেচ্ছাসেবক, কর্মকর্তা, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম। তিনি বলেন, জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও নীলসাগর গ্রুপসহ আমাদের সকল শুভানূধ্যায়ীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
মুমিন সাদ্দাম আরো বলেন, ‘কক্সবাজারের অপার সৌন্দর্যমণ্ডিত সৈকতে এমন একটি প্রতিযোগিতা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই আয়োজন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং বাংলাদেশের পর্যটন ও ক্রীড়াকে একসঙ্গে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ। দেশের বিভিন্ন সংস্থা, বাহিনী, ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের নারী-পুরুষ দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে।’
আগামী দিনে বাংলাদেশের বিচ ভলিবল দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করবে- এমনটাই প্রত্যাশা করেন তিনি।
খেলোয়াড় ও ক্রীড়ামোদিদের উপস্থিতিতে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ।
