ছবি: সংগৃহীত
সিলেট নগরের মির্জা জাঙ্গালে মোবাইল কোর্টের অভিযানে মোহনা সুইটস ও আদি মোহনলাল নামের দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মিষ্টি ও ফার্মেন্টেড মিল্ক পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ছাড়াই এবং যথাযথ মোড়কজাতকরণ বিধি অনুসরণ না করে পরিবেশন ও বিক্রির অপরাধে মোহনা সুইটসকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করার অপরাধে আদি মোহনলাল প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে বিএসটিআই, সিলেট এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করে।
