শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ইহুদি-হিন্দু সংগঠনের প্রশ্ন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫৫
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির দুটি সংগঠন। অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) দাবি করেছে, হামাসের নেতাদের প্রশংসা করা এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিষয়ে জামায়াতের অবস্থানের কারণে শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে উদ্বেগ রয়েছে। এ বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের কাছে ব্যাখ্যাও চেয়েছে সংগঠন দুটি।
সংগঠন দুটির অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শফিকুর রহমান সংগঠনটির নেতাদের প্রশংসা করেছিলেন। হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘নায়ক ও শহীদ’ হিসেবে উল্লেখ করেছিলেন এবং আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার সরকারি কর্মকর্তারা কেন তাঁর সঙ্গে বৈঠক করেছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠন দুটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব উদ্বেগের কথা জানায় অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন। একই সঙ্গে অস্ট্রেলিয়া সরকার কেন শফিকুর রহমানকে ভিসা দিয়েছে এবং তাঁর সফরে কোনো সরকারি প্রতিনিধি বৈঠক করেছেন কি না, তা জানতে চেয়েছে তারা।
সংগঠন দুটির পক্ষ থেকে আরও প্রশ্ন তোলা হয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমর্থক কয়েকজন ইসরায়েলি রাজনীতিককে অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া হলেও শফিকুর রহমান কীভাবে ভিসা পেলেন। তাদের মতে, হামাসের নেতাদের প্রশংসা এবং বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জামায়াতের অবস্থান বিবেচনায় বিষয়টি অস্ট্রেলিয়া সরকারের ব্যাখ্যা করা উচিত।
এর আগে ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার অভিবাসনবিষয়ক পরামর্শক রেমন্ড সলোমনও শফিকুর রহমানের ভিসা বাতিলের আহ্বান জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে আবেদন করেন। তাঁর আবেদনে শফিকুর রহমানের অতীত বক্তব্য, জামায়াতের ভূমিকা এবং অস্ট্রেলিয়ার সামাজিক সংহতির বিষয়গুলো তুলে ধরা হয়।
গত ২০ নভেম্বর রাতে ঢাকা থেকে অস্ট্রেলিয়ায় যান শফিকুর রহমান। সফরে সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। ২৫ নভেম্বর তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সফর বাতিল করে ২৪ নভেম্বর অস্ট্রেলিয়া ছাড়েন তিনি।
এদিকে শফিকুর রহমানের ভিসা বাতিল হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে। তবে এ দাবির পক্ষে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বরং নির্ধারিত সময়ের আগেই মালয়েশিয়া সফর বাতিল করে দেশে ফেরার তথ্য পাওয়া গেছে। জামায়াতের পক্ষ থেকেও বলা হয়েছে, জরুরি প্রয়োজনের কারণে মালয়েশিয়া সফর বাতিল করা হয়েছে।
অভিযোগকে অপপ্রচার বলছে জামায়াত
অস্ট্রেলিয়ার দুটি সংগঠনের বক্তব্য ও সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, অস্ট্রেলিয়ায় অবস্থানরত পতিত আওয়ামী ফ্যাসিস্টদের পরোক্ষ ইন্ধনে সংগঠন দুটি শফিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তবে অস্ট্রেলীয় সরকার তাদের বক্তব্যকে গুরুত্ব দেয়নি বলে দাবি করেন তিনি।
হামাস নেতাদের প্রতি শফিকুর রহমানের কথিত সমর্থনের অভিযোগের জবাবে জামায়াত বলেছে, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যমূলক বিকৃতি। দলটির দাবি, শফিকুর রহমান জাতি ও ধর্মনির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো হামলার বিরোধী।
বাংলাদেশের রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সমর্থন দীর্ঘদিনের। বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব ও সামরিক অভিযানের বিরোধিতা করে আসছে। জামায়াতও ফিলিস্তিনিদের অধিকার ও স্বাধীনতার পক্ষে অবস্থান জানিয়ে আসছে।
অস্ট্রেলীয় পত্রিকাকে আইনি নোটিশ
শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে পত্রিকাটির প্রকাশক প্রতিষ্ঠান নেশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেডকে আইনি নোটিশ পাঠিয়েছে জামায়াত।
দলটির বিবৃতি অনুযায়ী, শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম অস্ট্রেলিয়ার ‘ডিফেমেশন অ্যাক্ট ২০০৫ (এনএসডব্লিউ)’ আইনের ১২এ ধারায় এ নোটিশ পাঠান।
নোটিশে প্রতিবেদনের সাতটি বক্তব্য ও ইঙ্গিতকে মানহানিকর হিসেবে চিহ্নিত করে তা সংশোধন ও প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ারের অভিযোগ, বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফরের প্রথম দিনেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়, যা কাকতালীয় নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনে বিরোধী দলকে হেয় করার পরিকল্পিত প্রচেষ্টা।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিবেদন প্রত্যাহার, শফিকুর রহমানের বক্তব্য ও সংশোধনী প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করা না হলে জামায়াত সব ধরনের আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে।
