একটি দলের অপকর্মের লাল কার্ড দেখাতে প্রস্তুত দেশবাসী: সিলেটে ডা. শফিকুর রহমান
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৭:২৩
ছবি: সরকারী আলীয়া মাদ্রাসা ময়দানে বক্তব্য রাখছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
সিলেটে জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা এতদিন নির্বাচন নির্বাচন বলে দেশকে অস্থির করে তুলেছিলেন, তাদের মুখে এখন ক্ষীণ স্বরে ভিন্ন কথা শোনা যাচ্ছে। তারা বুঝে গেছেন—তাদের চলমান অপকর্মে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে লাল কার্ড দেখিয়ে দেবে।
এ সময় তিনি দাবি করেন, দেশের ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিস্টের কালো ছায়া এখনো যায়নি। একদল চাঁদাবাজি ও নৈরাজ্য করে পালিয়ে গেছে। বর্তমানে দ্বিগুণ উদ্দ্যমে আরেক দল চাঁদাবাজি ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে।
তিনি আজ শনিবার বিকেলে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে খেলাফতে মজলিসের আমীর মাওলানা আব্দু বাছিত আযাদের সভাপতিত্ব শুরু হওয়া এই সমাবেশে দেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশের সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম।
সমাবেশে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মাওলানা আব্দুল বাসিত, ইসলামী ঐক্যজোটের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।
জায়াতের আমীর অন্য ইসলামী দল গুলোকে ইঙ্গিত করে বলেন, অন্য ঠিকানায় আপনাদের বড় বেমানান লাগে। আপনারা ঘরের ছেলে ঘরে ফিরে আসেন, আমরা বুক পেতে মেনে নেব। আপনারা কেন চাদাবাজি ও অপকর্মের অংশিদার হবেন।
সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
