সেহরি-ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:৪২
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর গণমাধ্যমকে এ তথ্য জানান।
বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের প্রতি জনগণের যে বিপুল জনসমর্থন রয়েছে, সে জায়গা থেকে প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন-জনগণ আমাদের কাছ থেকে সুশাসন ও জবাবদিহিতা প্রত্যাশা করে। তাই আমরা যেন নিজ নিজ দায়িত্ব পালনে সব ধরনের প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করি এবং দুর্নীতির প্রশ্নে কঠোর অবস্থান গ্রহণ করি।’
তিনি বলেন, ‘আসন্ন রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন।’
নুরুল হক নুর আরও জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কর্মসূচির মাধ্যমে দ্রুত কিছু দৃশ্যমান উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর একটি ঘোষণা ছিল ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে—দ্রুত সময়ে কীভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনা হয়েছে।
তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যের সঙ্গে শ্রমবাজার উন্মুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় সেটার ধারাবাহিকতা ছিল। মাঝখানে নানা কারণে অনেক জায়গায় শ্রমবাজার বন্ধ হয়েছে। সেসব বাজার পুনরায় খুলতে প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য সফর করলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে।’
এ বিষয়ে প্রধানমন্ত্রী আরও কিছু পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।
এ ছাড়া তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
তিনি বলেন, ‘সামগ্রিকভাবে রমজান ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা এবং ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়ন-সব বিষয় নিয়েই আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।’
