শিরোনাম
রাষ্ট্র সবার, অধিকার সবার: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করলো যুক্তরাজ্য রাতে জাতির উদ্দেশে ভাষন দেবেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে রামকৃষ্ণ সেবাশ্রমের বিনামূল্যে চিকিৎসাসেবা আকাশে রমজানের চাঁদ, বৃহস্পতিবার থেকে রোজা সেহরি-ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্দেশ প্রধানমন্ত্রীর সিসিক বলছে মুরগি ১৭০, বাজারে ১৮৫: ইমজা নিউজে সংবাদ প্রকাশের পর অভিযান সিলেটে রমজানের আগে লাগামহীন দ্রব্যমূল্য: সিসিকের মূল্য তালিকাকে বৃদ্ধাঙ্গুলি মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি, কে কোন দায়িত্বে

https://www.emjanews.com/

13917

national

প্রকাশিত

১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৪৪

জাতীয়

রাষ্ট্র সবার, অধিকার সবার: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৪৪

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে জনগণের ভোটে একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের সব মানুষের জন্য বাংলাদেশকে একটি নিরাপদ ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, ফ্যাসিবাদের সময় দুর্নীতি ও দুঃশাসনে ভঙ্গুর হয়ে পড়া অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়েই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণই সরকারের প্রধান অগ্রাধিকার। জুয়া ও মাদকের বিস্তার আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ উল্লেখ করে এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এ মাসকে অতিরিক্ত মুনাফার সময় হিসেবে না দেখে পবিত্রতার প্রতি সম্মান জানাতে হবে। দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাজারে সিন্ডিকেট ও অনিয়ম ভেঙে দেওয়ার অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, রোজাদারদের সুবিধার্থে ইফতার, তারাবিহ ও সেহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। অপচয় রোধ ও কৃচ্ছ্র সাধনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

প্রধানমন্ত্রী জানান, বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে- দলীয় কোনো এমপি ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি ও প্লট সুবিধা গ্রহণ করবেন না। এটি ন্যায়পরায়ণতার আদর্শের প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

যানজট ও জনদুর্ভোগ প্রসঙ্গে তিনি বলেন, রাজধানী ঢাকায় জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ জরুরি। সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষ নিজ নিজ জেলা থেকেই সহজে কর্মজীবন পরিচালনা করতে পারে।

তরুণ সমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হলে দেশের বিশাল জনগোষ্ঠীই হবে জনসম্পদ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থী ও যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে।

শেষে প্রধানমন্ত্রী বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি- এই সরকারের প্রতি সবার অধিকার সমান। দল-মত নির্বিশেষে রাষ্ট্র সবার।

তিনি দেশবাসীর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।