ছবি: সাজু মারছিয়াং
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ম্রীশ্রী রামকৃষ্ণ সেবশ্রম। শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯১তম জন্মতিথি উপলক্ষে আয়োজিত হলো বিনামূল্যের চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সেবায় নিবেদিত এই মহতী উদ্যোগে উপকৃত হয়েছেন সাড়ে চার শতাধিক রোগী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল-এ অবস্থিত শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনিসুর রহমান।
সেবাশ্রমের সভাপতি ও বিশিষ্ট গাইনি চিকিৎসক ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর হাসপাতালের উপ-পরিচালক প্রণয় কান্তি পাল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বর্ণালী দাশ, সাবেক সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী ও ডা. নিশিত নন্দী মজুমদারসহ জেলার খ্যাতনামা চিকিৎসকরা।
দিনব্যাপী সাতটি আলাদা বুথে বিনামূল্যে চিকিৎসা সেবা করেন গাইনি বিশেষজ্ঞ ডা.নিবাস চন্দ্র পাল ও দীপাঞ্জলী পাল, শিশু রোগ বিশেষজ্ঞ ডা.প্রদীপ লাল বণিক ও ডা.বিশ্বজিৎ দেব, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুব্রত রায় ও ডা.আকাশ দেব, সার্জারি বিশেষজ্ঞ ডা.পম্পী বৈদ্য এবং দন্ত বিশেষজ্ঞ পুষ্পিতা খাস্তগীর।
অভিজ্ঞ চিকিৎসকদের আন্তরিক সেবায় রোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। চিকিৎসার পাশাপাশি ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এছাড়া সান ফার্মাসিউটিক্যালস-এর সহায়তায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থাও ছিল।
ডা. নিবাস চন্দ্র পাল বলেন, ‘শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সকাল থেকে প্রায় সাড়ে ৪০০ রোগী নিবন্ধনের মাধ্যমে চিকিৎসাসেবা ও ঔষধ গ্রহণ করেছেন এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’
কেবল চিকিৎসাতেই সীমাবদ্ধ ছিল না আয়োজন। বিকেলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে সমাজের ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও ভালোবাসার হাত বাড়িয়ে দেয় সেবাশ্রম কর্তৃপক্ষ। মানবসেবাই যে প্রকৃত ধর্ম শ্রীমঙ্গলের এই আয়োজন যেন আবারও তা প্রমাণ করল।
