ছবি: আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নিজের ৭০০তম উইকেট শিকার করে প্রথম বোলার হিসেবে এই অনন্য কীর্তি গড়লেন তিনি।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে আরব আমিরাতের ইনিংসের ১৬তম ওভারে আসে ঐতিহাসিক মুহূর্তটি। নিজের শেষ স্পেল করতে এসে রশিদের বলে ব্যাটসম্যান মোহাম্মদ আরফান রিভার্স সুইপ করতে গিয়ে ভারসাম্য হারিয়ে হিট উইকেটে আউট হন। অদ্ভুত এই আউটের মাধ্যমেই রশিদের হাতে ধরা পড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ৭০০তম উইকেট।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ২ উইকেট নিয়ে ৬৯৯-এ থেমেছিলেন রশিদ। আজকের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হলেও অবশেষে মিলেছে বহু প্রতীক্ষিত মাইলফলক। তবে এই কীর্তির পরও উদযাপনে খুব একটা আবেগ দেখাননি তিনি। বরং তাঁর মনোযোগ ছিল সুপার এইটে ওঠার সমীকরণ নিয়ে।
টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ খান এখন এমন উচ্চতায় পৌঁছেছেন, যেখানে অন্যদের পক্ষে তাঁকে ছোঁয়া বেশ কঠিন। উইকেট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভোর উইকেট সংখ্যা ৬৩১। বর্তমানে খেলা বোলারদের মধ্যে সবচেয়ে কাছাকাছি আছেন আরেক ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন (৬১৩ উইকেট)।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও শীর্ষে রয়েছেন রশিদ খান। দেশের জার্সিতে এটি ছিল তাঁর ১৯১তম উইকেট। এই তালিকায় তাঁর পেছনে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) ও ইশ সোধি (১৬২ উইকেট)।
বিশ্বকাপ শুরুর আগেই ৭০০ উইকেটের প্রসঙ্গ উঠে এসেছিল সংবাদ সম্মেলনে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগের দিন রশিদ বলেছিলেন, `আমি এমন কোনো লক্ষ্য ঠিক করিনি যে ৭০০ উইকেট নিয়েই থেমে যাব। দেশের হয়ে বিশ্বকাপে খেললে আমার শতভাগ চেষ্টা থাকে দলের প্রয়োজনে উইকেট নেওয়ার।'
এদিকে রশিদের এই কীর্তির দিনে ম্যাচে আগে ব্যাট করে সংযুক্ত আরব আমিরাত ৯ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে। ঐতিহাসিক অর্জনের দিনে দলকে এগিয়ে রাখতেই ছিল আফগান অধিনায়কের মূল লক্ষ্য।
