ছবি: মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের পরিচালিত ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি জানান, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌসম্পদ ও সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পিছু হটতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ইরানি বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক ঘটনায় একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার পর ১৬০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
আইআরজিসি জানায়, ইরানি নৌবাহিনী চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকন লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর জাহাজটি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায় বলেও দাবি করা হয়েছে।
এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন নৌবাহিনীর এমএসটি যুদ্ধ সহায়তা জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় আইআরজিসি।
সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের চলমান আগ্রাসনের জবাব হিসেবে ইরান ‘ট্রু প্রমিজ ৪’ অভিযান পরিচালনা করছে। এর মাধ্যমে ইরানি বাহিনী তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক প্রভাব কমানোর লক্ষ্যেও কার্যক্রম চালাচ্ছে বলে দাবি করেছে আইআরজিসি।
