https://www.emjanews.com/

14638

sports

প্রকাশিত

৩১ মার্চ ২০২৬ ২০:০১

খেলাধুলা

মিশন সিঙ্গাপুরে বাংলাদেশ দল: র‌্যাংকিং, ইনজুরি ও আত্মবিশ্বাসের পরীক্ষা

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ ২০:০১

ছবি: বাংলাদেশ জাতীয় ফুটবল দল

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১৮০ নম্বরে অবস্থান করছে। অন্যদিকে সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল ১৪৮ নম্বরে রয়েছে। র‌্যাংকিং ও সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে ‘মিশন সিঙ্গাপুর’ নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিয়মরক্ষার এই ম্যাচটি বাংলাদেশের জন্য সম্মান রক্ষার লড়াই হলেও দলে ইনজুরি ও নিষেধাজ্ঞাজনিত সংকট উদ্বেগ বাড়িয়েছে। অভিজ্ঞ সেন্টার-ব্যাক ও ফরোয়ার্ড রাকিব হোসেন নিষিদ্ধ থাকায় ডিফেন্স ও আক্রমণে ভারসাম্য খুঁজতে হচ্ছে দলকে। এছাড়া মিডফিল্ডার সোহেল রানা জুনিয়রও ফর্মের কারণে দলে নেই।

ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ের পর ইনজুরির ধাক্কা আরও বেড়েছে। মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি এবং ফরোয়ার্ড আরমান ফয়সাল চোট সমস্যায় ভুগছেন। ফলে সিঙ্গাপুরের বিপক্ষেও তাদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা দলে দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম-এর উপস্থিতিতে মাঝমাঠে নতুন সমন্বয় গড়ার চেষ্টা করছেন। অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বে দলটি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে সিঙ্গাপুর ইতোমধ্যে গ্রুপসেরা হয়ে এশিয়ান কাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশ চাইছে ড্র বা ভালো ফল নিয়ে বাছাইপর্ব শেষ করতে। প্রথম লেগে ঢাকায় ১-২ গোলে হেরেছিল বাংলাদেশ।

সিঙ্গাপুরের দ্রুত কাউন্টার অ্যাটাক এবং আক্রমণভাগে ইখসান ফ্যান্দি ও শাওয়াল আনুয়ার বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ম্যাচটি ক্যালাং জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

এদিকে কোচ হাভিয়ের কাবরেরার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তার চুক্তি আগামী মাসে শেষ হচ্ছে এবং এখনো তা নবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে এই ম্যাচটি তার জন্যও হতে পারে বাংলাদেশ দলের দায়িত্বে শেষ ম্যাচ।