ছবি: সংগৃহীত
নেপালকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে। মালদ্বীপের মালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে এই জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন মানিক। তার করা গোলেই ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।
পুরো ম্যাচজুড়ে দাপুটে খেলেছে বাংলাদেশ। শুরু থেকেই নেপালের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে আক্রমণ চালাতে থাকে দলটি। ম্যাচের ১১ মিনিটে ডান প্রান্তে পাওয়া একটি সেট-পিস থেকে মুর্শেদ আলীর ভাসানো ক্রসে দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন মানিক।
এর দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান বেঞ্জামিন সুলিভান বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
২১ মিনিটে সুলিভানের তৈরি করা আরেকটি সুযোগ থেকে নাজমুলের হেড অসাধারণ দক্ষতায় রুখে দেন নেপালের গোলরক্ষক পেম্বা নুরবু। এছাড়া ৩৮ মিনিটে মুর্শেদ আলীর শক্তিশালী শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আর কোনো দল গোল করতে পারেনি। ফলে এই ব্যবধানেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
উল্লেখ্য, ২০২৪ সালে এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে খেলছে দলটি।
বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ রাতেই ভারত অনূর্ধ্ব-২০ ফুটবল দল ও ভুটান অনূর্ধ্ব-২০ ফুটবল দল-এর মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের ওপর ভিত্তি করে।
