সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ ১৯:৪১
ছবি: ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ধারা ১১(১) অনুসারে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তার মেয়াদ হবে চার বছর। তবে যোগদানের আগে তাকে বর্তমান সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। বিশ্ববিদ্যালয় আইনের বিধান অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন এবং বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।
এছাড়া রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনটি জারির তারিখ থেকেই কার্যকর হবে।
