জঙ্গি হামলার আশঙ্কায় সিলেট ওসমানীসহ ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ ১৯:৫০
ছবি: সংগৃহীত
জঙ্গি হামলার আশঙ্কায় সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এসব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, বিমানবন্দরগুলোতে সব সময়ই নিরাপত্তা ব্যবস্থা থাকে। তবে পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর তা আরও জোরদার করা হয়েছে, যা নিয়মিত নিরাপত্তা ব্যবস্থারই অংশ।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বেবিচকের নির্দেশনায় সোমবার সকাল থেকে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া আগামী ২ মে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সামনে রেখেও অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
জানা গেছে, বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অ্যারাইভাল ও ডিপারচারসহ সব পয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট হুমকি পাওয়া যায়নি। তারপরও আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল নেই, সেগুলোতেও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) কামরুল আহসানের সই করা এক দাফতরিক চিঠিতে এ সতর্কতা দেওয়া হয়।
গোয়েন্দা তথ্যে জানা গেছে, উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং তারা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে জাতীয় সংসদ, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, উপাসনালয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো সরাসরি হুমকি না থাকলেও সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
