ছবি: সংগৃহীত
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান (এমপি)-এর সঙ্গে ছাত্রশিবির সিলেট মহানগরের সেক্রেটারিয়েট সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় নগরীর একটি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তরুণ সমাজকে একাডেমিক উৎকর্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। জ্ঞান, দক্ষতা ও উন্নত চারিত্রিক গুণাবলির মাধ্যমে তরুণরাই একটি আদর্শ সমাজ ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তরুণ সমাজকে এভাবে গড়ে তুলতে ছাত্রশিবিরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা কেবল সনদধারী শিক্ষার্থী তৈরি করছে; কিন্তু প্রকৃত অর্থে সুনাগরিক গঠনে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না। শিক্ষা এমন হওয়া উচিত, যা মানুষের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও মূল্যবোধভিত্তিক রূপে পুনর্গঠন করবে। এমন একটি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যা একদিকে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করবে, অন্যদিকে তাদের আদর্শ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলার আমীর হাবিবুর রহমান, জেলার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান,সিলেট মহানগরের সেক্রেটারি শাহজাহান আলী, ছাত্রশিবির শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু ও সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।
