সিলেটে পুলিশের অভিযানে ৫ চোরাই সিএনজি উদ্ধার, গ্রে.প্তার ২
দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় অভিযান; চোরচক্রের সদস্যদের তথ্যের ভিত্তিতে উদ্ধার আরও দুটি সিএনজি
প্রকাশ: ২৩ জুন ২০২৬ ২০:৫৪
ছবি: এসএমপি।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি চোরাইকৃত সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে। এ ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, গত ২২ জুন বিকেল ৪টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) অঞ্জন কুমার দেবনাথের নেতৃত্বে একটি দল দক্ষিণ সুরমা থানাধীন সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের মোমিনখলা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় জাহেদুল ইসলাম ওরফে দারোগা বাড়ির সামনে থেকে ইঞ্জিন নম্বর অস্পষ্ট এবং বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় থাকা তিনটি চোরাইকৃত সিএনজি উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরচক্রের সদস্য আব্দুস শহীদ (৩৪) ও আদিল হোসেন (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুস শহীদের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার এলাকায়। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় বসবাস করছিলেন। অপরদিকে আদিল হোসেনের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চাঁনগ্রামে। তিনি দক্ষিণ সুরমার শিববাড়ি মাজার সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে আরও দুটি পুরোনো সিএনজি উদ্ধার করা হয়। এসব গাড়ির ইঞ্জিন নম্বরও অস্পষ্ট এবং বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় ছিল। এ নিয়ে মোট পাঁচটি চোরাইকৃত সিএনজি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২৩ জুন মামলা দায়ের করা হয়েছে। মামলাটি পেনাল কোডের ৩৭৯, ৪১৩ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার জন্য সোপর্দ করা হয়েছে। চোরাই যানবাহার চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
