ছবি: সংগৃহীত
বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বসবাস ও ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে ওমান। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে জমি বা বাড়ি ক্রয়কারী বিদেশিরা এখন সরাসরি ভিসা ও বসবাসের অনুমতি পাবেন। এ ক্ষেত্রে ওমানি নাগরিকের স্পন্সরের প্রয়োজন হবে না।
মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)।
নতুন নীতির আওতায়, যেসব বিদেশি ওমানে জমি বা বাড়ির মালিক হয়েছেন কিন্তু এখনো সম্পত্তির নিবন্ধন (রেজিস্ট্রেশন) সম্পন্ন করেননি, তারাও বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ পাবেন। এজন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দেওয়া একটি সনদপত্র (সার্টিফিকেট) প্রদর্শন করলেই হবে।
এ সুবিধা শুধু সম্পত্তির মালিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; তাদের নিকটাত্মীয় পরিবারের সদস্যরাও একই সুবিধা ভোগ করতে পারবেন। পাশাপাশি ওমানে বিনিয়োগকারী কোম্পানিগুলোর প্রতিনিধিদেরও স্পন্সর ছাড়া ভিসা দেওয়া হবে।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব সম্পত্তির মালিক এখনো নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাদের প্রাথমিকভাবে ছয় মাস থেকে এক বছরের ভিসা দেওয়া হবে। অন্যদিকে কোম্পানির প্রতিনিধিদের ভিসা অনুমোদনের তিন মাসের মধ্যে ওমানে প্রবেশ করতে হবে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, আবাসন খাতকে চাঙ্গা করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য ওমানকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
