ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং রসুলপুর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর করতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকালে রসুলপুরে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে একটি ‘মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট’ (সারফেস ওয়াটার)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।
প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অত্র এলাকার মানুষের প্রধান সমস্যা ছিল বিশুদ্ধ পানির অভাব। এই সুপেয় পানির প্লান্টটি চালুর মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। জনগণের দোরগোড়ায় মৌলিক নাগরিক সুবিধা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।’
মন্ত্রী নির্মাণ সংশ্লিষ্টদের দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্পটি চালু হলে ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ সরাসরি নিরাপদ পানি সরবরাহের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।
