ছবি: সংগৃহীত
ভারতের 'অপারেশন সিঁদুর'-এ নিহত ৬ সেনার নাম প্রকাশ করা হয়েছে। তাঁদের নাম দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে খোদাই করে সংরক্ষণ করবে ভারত সরকার।
ভারতের বিতর্কিত ও চাঞ্চল্যকর সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ছয় সেনাসদস্যের নাম প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করেছে দেশটির সরকার। নিহত এই বীরদের সম্মান জানাতে তাঁদের নাম নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের (ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল) অনন্য স্মারক ‘ত্যাগ চক্র’-এ খোদাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে পাঁচজন ভারতীয় সেনাবাহিনীর সদস্য এবং একজন ভারতীয় বিমানবাহিনীর সার্জেন্ট। তাঁরা হলেন- সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দিনেশ কুমার, অগ্নিবীর মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং বিমানবাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার। ২০২৫ সালের সামরিক অভিযানে আত্মোৎসর্গকারী সদস্যদের বার্ষিক তালিকার সঙ্গেই তাঁদের বীরত্বগাথা আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ মে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন প্রাণ হারান। সেই ঘটনার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে কথিত সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। চার দিনব্যাপী চলা এই আকাশযুদ্ধ, ড্রোন হামলা ও সীমান্ত যুদ্ধের সময় এই ছয়জন বীরের মৃত্যু হয়।
জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের ১৬টি বৃত্তাকার গ্রানাইট দেয়ালের সমন্বয়ে গঠিত ‘ত্যাগ চক্র’ অংশে স্বাধীনতার পর থেকে বিভিন্ন যুদ্ধে শহীদ হওয়া জওয়ানদের নাম সংরক্ষিত থাকে। নাম খোদাই করার মাধ্যমে এবার জাতীয়ভাবে অপারেশন ‘সিঁদুরে’র যোদ্ধাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে।
ভারতের সামরিক সূত্র মতে, পেহেলগাম হামলায় নিহতদের স্ত্রীদের ‘বিধবা হওয়ার’ চরম শোককে প্রতীকিভাবে তুলে ধরতে ও প্রতিশোধের বার্তা দিতেই অভিযানের নামকরণ করা হয়েছিল ‘সিঁদুর’।
