ওসমানীনগর
বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও কর্মীদের সম্মাননা প্রদান
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ২১:০০
ছবি: সংগৃহীত
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মারুফ হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী বিশ্বজিৎ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাইনুল আহসান।
এছাড়া বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখরুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত এবং সাংবাদিক জুবেল আহমদ সেকেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দয়ামীর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আফরোজ আলী, বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকের উপজেলা সুপারভাইজার গীতাশ্রী পালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. আজমান আলী এবং গীতা পাঠ করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুর রব ও পরিবার কল্যাণ পরিদর্শিকা রীতা রাণী চন্দ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিগত বছরের কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও কর্মীদের মধ্যে সনদপত্র ও স্বীকৃতি স্মারক প্রদান করা হয়।
এবার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে দয়ামীর ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ সেবাকেন্দ্র হিসেবে গোয়ালাবাজার মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে রীতা রাণী চন্দ, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মো. আব্দুর রব এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে সুমি রানী আচার্য্য সম্মাননা লাভ করেন।
উল্লেখ্য, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনের আয়োজন হিসেবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
