যুক্তরাজ্যে শিশু যৌন নি/পী/ড়/নে ৩ বাংলাদেশির নামে অভিযোগপত্র
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ ২১:৩৭
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের ওয়েলসে অতীতে ঘটে যাওয়া ভয়াবহ শিশু যৌন নিপীড়ন ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন বাংলাদেশি বংশোদ্ভূতসহ আট ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়েছে।
দক্ষিণ ওয়েলস পুলিশ বিভাগ দীর্ঘ অনুসন্ধানের পর ‘অপারেশন ওক’ নামক বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে। অভিযুক্তদের বিরুদ্ধে ১৭টি ধর্ষণসহ মোট ৩৪টি সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তদন্ত সূত্রে জানা গেছে, ১৯৮৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে সংঘটিত এসব অপরাধের শিকার হয়েছেন বেশ কয়েকজন নারী, যারা তৎকালীন সময়ে শিশু ছিলেন।
সম্প্রতি ওই ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অভিযুক্ত আট ব্যক্তির বয়স বর্তমানে ৫৪ থেকে ৭৩ বছরের মধ্যে এবং তারা সবাই ব্রিটিশ নাগরিক। তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন হলেন- এডিনবার্গের মোহাম্মদ শেখ আব্দুল হান্নান (৫৪), নিউপোর্টের শেখ মোহাম্মদ তাহির উল্লাহ (৭৩) এবং লন্ডনের টটেনহ্যামের বাসিন্দা আমিনুর রহমান চৌধুরী (৫৮)।
আদালতের নথি অনুযায়ী, এডিনবার্গের মোহাম্মদ শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের ষড়যন্ত্রসহ ৮টি এবং ল্যাঙ্কাশায়ারের শাকিল বাবুরের বিরুদ্ধে ৪টি অপরাধের অভিযোগ রয়েছে। সবচেয়ে বেশি ১১টি অভিযোগ আনা হয়েছে বার্মিংহামের শাফাক মোহাম্মদের বিরুদ্ধে।
এছাড়া সৈয়দ মোহাম্মদ আশান তাকভি, মুরাদ আলী, শেখ মোহাম্মদ তাহির উল্লাহ এবং আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শিশু ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
স্কটল্যান্ডের কেভিন লরেন্সের বিরুদ্ধে ধর্ষণের ষড়যন্ত্র ও পতিতাবৃত্তিতে বাধ্য করার দায়ে মামলা হয়েছে।
ওয়েলসের প্রধান ক্রাউন প্রসিকিউটর জেনি হপকিন্স জানান, মামলাটি আদালতে তোলার জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ প্রসিকিউটরদের হাতে রয়েছে। জনস্বার্থে অপরাধমূলক কার্যক্রমের বিচার নিশ্চিত করতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২৪ জুলাই নিউপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে সকল আসামিকে হাজির করার কথা রয়েছে।
আইনি প্রক্রিয়া চলমান থাকায় আসামিদের ন্যায্য বিচার পাওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভ্রান্তিকর মন্তব্য না করার অনুরোধ জানানো হয়েছে।
