ছবি: লিওনেল মেসি।
আর্জেন্টাইন ফুটবল রাজপুত্র লিওনেল মেসি আবারও পা রাখতে পারেন দক্ষিণ এশিয়ার মাটিতে। প্রখ্যাত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তর উদ্যোগে আগামী বছর কলকাতা সফরের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে ইন্টার মিয়ামি মহাতারকার। একই সফরে তার ঢাকা আসার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।
সম্প্রতি শতদ্রু দত্ত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি 'গোট' (GOAT) ও আর্জেন্টিনার পতাকার ইমোজি পোস্ট করে এই উন্মাদনার পালে হাওয়া দিয়েছেন।
সূত্রমতে, ইন্টার মিয়ামির প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ভারত ও বাংলাদেশ সফরের পরিকল্পনা সাজানো হচ্ছে। ২০১১ সালে প্রথমবার কলকাতায় ম্যাচ খেলেছিলেন মেসি। সেই সফরের স্মৃতি দীর্ঘ ১৩ বছর পর আবারও ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন আয়োজকরা। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের সফরের বিষয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে ইন্টার মিয়ামির কর্মকর্তাদের সাথে কয়েক দফা বৈঠকও করেছেন শতদ্রু। দু’পক্ষের আলোচনা বর্তমানে অত্যন্ত ইতিবাচক মোড়ে রয়েছে বলে জানা গেছে।
যদিও ইন্টার মিয়ামির পরবর্তী মৌসুমের চূড়ান্ত সূচি এখনও নির্ধারিত হয়নি, তবে ২০২৫ সালের শুরুর দিকেই এই মেগাস্টারের আগমন ঘটতে পারে বলে আশা করা হচ্ছে। এবার কেবল প্রদর্শনী বা সফরের মধ্যে সীমাবদ্ধ না থেকে মেসির ম্যাচ খেলার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
কলকাতার পাশাপাশি ঢাকার ভক্তদের মাঝেও চরম উত্তেজনা বিরাজ করছে, কারণ মায়ামি কর্তৃপক্ষের সাথে ঢাকা সফরের বিষয়টি নিয়েও আলোচনা চলছে। আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হলেই চূড়ান্ত তারিখ জানানো হবে।
