https://www.emjanews.com/

17180

economics

প্রকাশিত

১৮ জুলাই ২০২৬ ২১:২৬

আপডেট

১৮ জুলাই ২০২৬ ২১:২৮

অর্থনীতি

প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগস্টে, মিলবে নানা সুবিধা

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ ২১:২৬

ছবি: সংগৃহীত

আগামী মাসেই যাত্রা শুরু করছে বহুল প্রতিক্ষিত ‘প্রবাসী কার্ড’। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই প্রজেক্ট চালু হতে যাচ্ছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন এবং ব্যাংকিং সুবিধা সহজতর করতেই এই কার্ড প্রবর্তন করা হচ্ছে। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে ‘প্রবাসী ডেবিট কার্ড’ ইস্যু করা হবে। আগামী মাসের মাঝামাঝিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং ডিসেম্বর মাসের মধ্যে ৫০ হাজার কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালের জুন মাসের মধ্যে এই সংখ্যা ২ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। পরবর্তীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই কার্ডের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।

প্রবাসী কার্ডের মাধ্যমে রেমিট্যান্স যোদ্ধারা বহুমাত্রিক সুবিধা পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহার, দ্রুত ইমিগ্রেশন সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড় এবং ডুয়াল কারেন্সি সুবিধা।

এছাড়া সিগনেচার কার্ডধারীদের জন্য থাকবে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ ও মিট অ্যান্ড গ্রিট সার্ভিস। স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার দিতে সরকারি হাসপাতালে বিশেষ বুথ এবং বেসরকারি হাসপাতালে ডিসকাউন্টের ব্যবস্থা রাখা হয়েছে। একইসঙ্গে কার্ডধারীর মৃত্যুতে রাষ্ট্রীয় খরচে লাশ পরিবহন, বিমা সুবিধা এবং প্রবাস ফেরতদের পুনর্বাসনে বিশেষ ঋণ সহায়তার কথা জানানো হয়েছে।

প্রবাসীদের দৈনন্দিন ও আইনি প্রয়োজনেও এই কার্ড বিশেষ সহায়ক হবে। জমি রেজিস্ট্রেশন, নামজারি, পাসপোর্ট ও কনস্যুলার সেবা এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন। রেমিট্যান্স পাঠানোর ভিত্তিতে রিওয়ার্ড পয়েন্ট ও ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে সহজ শর্তে ঋণ সুবিধাও নিশ্চিত করা হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী কার্ডের পরিধি বাড়াতে এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক করার নির্দেশনা প্রদান করেন।

উক্ত গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই কার্ড প্রবর্তনের ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি প্রবাসীদের দীর্ঘদিনের দাবিসমূহ পূরণ হবে।