https://www.emjanews.com/

17188

sylhet

প্রকাশিত

১৯ জুলাই ২০২৬ ১১:৫২

আপডেট

১৯ জুলাই ২০২৬ ১৬:৪৩

সিলেট

সিলেটে ৩টি নতুন কূপ খনন: মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ ১১:৫২

দেশের জ্বালানি সংকট নিরসনে এলএনজি আমদানিনির্ভরতা কমাতে নতুন করে ৩টি গ্যাস ও তেল কূপ খননের উদ্যোগ নিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)। এই কূপগুলোর খনন সম্পন্ন হলে জাতীয় গ্রিডে প্রতিদিন অতিরিক্ত ৩ কোটি ঘনফুট (৩০ মিলিয়ন) গ্যাস যুক্ত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। বর্তমানে এসজিএফএল-এর আওতাধীন ১৭টি কূপ থেকে প্রতিদিন গড়ে ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির হাতে থাকা ৮টি কূপ খনন প্রকল্পের মধ্যে রশিদপুর-১৩, ডুপিটিলা-১ এবং কৈলাশটিলা-৯— এই তিনটি কূপের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এসজিএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, এই তিনটি কূপের ড্রিলিং বা খনন কাজ শেষ হলে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়বে, যা জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে বড় ভূমিকা রাখবে।

জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমানে প্রতিবছর ৪৫ থেকে ৬০ হাজার কোটি টাকার এলএনজি আমদানির যে চাপ রয়েছে, তা মোকাবিলায় দেশীয় খনি থেকে উত্তোলন বৃদ্ধির কোনো বিকল্প নেই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. ফরহাদ হাওলাদার বলেন, 'দেশীয় সম্পদ আহরণে আমাদের আরও গতিশীল হতে হবে। স্থলভাগের পাশাপাশি সমুদ্রেও অনুসন্ধান কার্যক্রম জোরদার করতে বিদেশি প্রতিষ্ঠানের সাথে দ্রুত সমন্বয় করা প্রয়োজন।'

উল্লেখ্য, ১৯৫৫ সালে দেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কারের গৌবর নিয়ে যাত্রা শুরু করা সিলেট গ্যাস ফিল্ডস বর্তমানে দেশের জ্বালানি তেলের একটি বড় অংশের চাহিদাও পূরণ করছে। পেট্রোবাংলার আওতাধীন এই প্রতিষ্ঠানটি দেশের পেট্রোল চাহিদার ৩০-৩৫ শতাংশ এবং অকটেনের প্রায় ১২-১৫ শতাংশ সরবরাহ নিশ্চিত করছে। নতুন এই ৩টি কূপ খনন সফল হলে দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস সংকট অনেকটা লাঘব হবে বলে ধারণা করা হচ্ছে।