https://www.emjanews.com/

17213

sylhet

প্রকাশিত

১৯ জুলাই ২০২৬ ২২:১৮

সিলেট

সিলেটে শাবিপ্রবি শিক্ষার্থীকে মারধর, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ ২২:১৮

ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক নবীন শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের ঘটনায় শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। হলের খাবারের মান নিয়ে অনলাইনে মন্তব্য করার জেরে এই মারধরের ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান এবং সহ-দপ্তর সম্পাদক তারেক রহমান।

রবিবার (১৯ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের খাবারের মান নিয়ে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল খন্দকার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মন্তব্য করেন। এরই জেরে গত শনিবার রাতে অভিযুক্ত দুই ছাত্রদল নেতা তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন থেকে সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এদিকে মারধরের ঘটনাটি জানাজানি হওয়ার পর দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযুক্ত হাসিবুর রহমান ও তারেক রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

জাহাঙ্গীর আলম বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করে জানান, শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।