সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা আক্কাস আলী (৪৮) নামে এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে সুনামগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আক্কাস আলী সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
কারাগার সূত্র জানায়, প্রতারণা মামলায় গত মে মাস থেকে সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন আক্কাস। শুক্রবার রাত ১০টার দিকে তিনি হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি কার কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, রাত ১০টার দিকে রোগীকে হার্টের সমস্যাসহ তীব্র বুকের ব্যথা নিয়ে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিলেও অবস্থার অবনতি হয়ে রাত ১১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
