ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পোশাক পরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি ব্যবসায়ী পরিবারের গাড়ির গতিরোধ করে সংঘটিত ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রোববার (১৯ জুলাই) র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার তুরাগ থানার রোশাদিয়া এলাকার রাসেল মিয়া (৩৯), মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার শিপন মিয়া (২৫) এবং একই এলাকার অহিবুর রহমান (২৫)।
র্যাব জানায়, গত ১৯ জুন রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দরা এলাকার ব্যবসায়ী মো. সামছুল আলম সরকার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক ২টার দিকে তাদের গাড়ি মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে পুলিশের পোশাক পরা ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গাড়ির গতিরোধ করে।
একপর্যায়ে ডাকাতরা অস্ত্রের মুখে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর করে। পরে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ ৯৩ হাজার টাকা এবং গাড়ির চাবি ছিনিয়ে নেয়। এরপর ডাকাতরা গাড়িটি নিয়ে সিলেটের দিকে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী মো. সামছুল আলম সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় এবং রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তারের পর র্যাব দুই আসামিকে থানায় হস্তান্তর করেছে। মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডাকাতচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
