https://www.emjanews.com/

17455

sports

প্রকাশিত

৩১ জুলাই ২০২৬ ০১:১৬

খেলাধুলা

বিশ্বকাপ বয়কটের পথে ইউরোপের ৫৫ দেশ!

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ ০১:১৬

ছবি: সংগৃহীত

ফুটবল পৃথিবীকে এক সুতোয় গাঁথে। একটি বলের পেছনে ছুটতে ছুটতেই ভাষা, সংস্কৃতি আর ভৌগোলিক সীমারেখা যেন মিলিয়ে যায়। কিন্তু সেই ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ;  বিশ্বকাপ-এবার দাঁড়িয়েছে এক ভিন্ন লড়াইয়ের সামনে। মাঠের নয়, বরং নীতির; গোলের নয়, বরং আদর্শের।

ফিফার বাণিজ্যিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনার প্রতিবাদে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার ৫৫টি সদস্য দেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি, দ্য অ্যাথলেটিকসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেন। এই প্রতিষ্ঠানের অধীনে ফিফার বাণিজ্যিক স্বত্ব ও বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনার কার্যক্রম একীভূত করার পরিকল্পনা রয়েছে।

প্রায় ২ হাজার কোটি ডলার মূল্যায়নের এই প্রতিষ্ঠানের একটি অংশের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে ৪২০ কোটি ডলার সংগ্রহ করতে চায় ফিফা। সম্ভাব্য বিনিয়োগকারীদের তালিকায় জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনালের নামও উঠে এসেছে।

তবে শুরু থেকেই এই উদ্যোগের বিরোধিতা করে আসছে উয়েফা। তাদের দাবি, ফুটবল কেবল অর্থনৈতিক সম্পদ নয়; এটি কোটি মানুষের আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তাই ফুটবলের পরিচালনা ব্যবস্থা কোনোভাবেই বাণিজ্যিক পণ্যে পরিণত হতে পারে না।

এই অবস্থান থেকেই ইউরোপের ৫৫টি সদস্য দেশ বিশ্বকাপ বয়কটের পক্ষে মত দিয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে আগামী গ্রীষ্মে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ এবং ২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোয় আয়োজিত পুরুষদের বিশ্বকাপ;দুটি আসরই বড় ধরনের সংকটে পড়তে পারে। কারণ বিশ্বকাপের ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা ও আকর্ষণের বড় একটি অংশজুড়েই রয়েছে ইউরোপের দলগুলো।

ফিফার প্রস্তাব এখনো সদস্য দেশগুলোর অনুমোদনের অপেক্ষায়। তবে উয়েফার এই কঠোর অবস্থান স্পষ্ট করে দিয়েছে, বিশ্বফুটবলের ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েন কেবল শুরু হয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত অর্থের শক্তি জয়ী হয়, নাকি ফুটবলের ঐতিহ্য ও মূল্যবোধই পথ দেখায় বিশ্বক্রীড়ার সবচেয়ে বড় আসরকে।