মাজার জিয়ারতের মধ্য দিয়ে নাসিমের নেতৃত্বে সিলেট মহানগর বিএনপির নবযাত্রা
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ ১৮:৫৯
ছবি: সংগৃহীত
সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন পুনরায় স্বপদে বহাল হয়ে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন। শনিবার (৮ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করেন।
মাজার জিয়ারত শেষে মাজার মসজিদ প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল ৪টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা ও স্বাগত জানান। বিমানবন্দর থেকে মাজার প্রাঙ্গণ পর্যন্ত নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
বিমানবন্দরে নাসিম হোসাইনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে নাসিম হোসাইন বলেন, ‘প্রথমেই আমি পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে আমাদের প্রিয় নেতা, বিএনপি চেয়ারম্যান ও সফল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমার ওপর পুনরায় আস্থা রেখে এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন।’
তিনি বলেন, ‘সিলেটের মাটি ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা চিরকালের। এই পুনর্বহাল কেবল আমার একার বিজয় নয়, এটি সিলেটের তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা এবং মেহনতের প্রতিফলন।’
আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ডের বিষয়ে নাসিম হোসাইন বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশকে নতুন গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে কাজ করছে। সেই লক্ষ্য সিলেটে বাস্তবায়নে মহানগর বিএনপিকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের স্বার্থে এবং তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপশক্তি যাতে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সেদিকেও সতর্ক থাকতে হবে। জনগণের সেবক হিসেবে কাজ করার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় সিলেট মহানগর বিএনপি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
নাসিম হোসাইনকে পুনরায় স্বপদে বহাল করায় বিএনপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, এ সিদ্ধান্ত তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সিলেট মহানগর বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপি যখনই রাজপথে আন্দোলনের ডাক দিয়েছে, সিলেটের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও কেন্দ্রের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে মহানগর বিএনপি নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় থাকবে।
দোয়া মাহফিলে দেশের শান্তি ও সমৃদ্ধি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জিয়াউল হক জিয়া, আমির হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সহসভাপতি মাহবুব কাদির শাহী, সাদিকুর রহমান সাদিক, ডাঃ আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আফজাল উদ্দিন, আব্দুল হাকিম, আব্দুর রহিম মল্লিক ও জাহাঙ্গীর হোসেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মূর্শেদ আহমদ মুকুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, মির্জা বেলায়েত হাসান লিটন, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, মনজুরুল হাসান মঞ্জু, মতিউল বারী খূর্শেদ, নাদির খান, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, অর্থ সম্পাদক এনামুল কুদ্দুস চৌধুরী, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন এবং সহ-কৃষিবিষয়ক সম্পাদক রাজীব কুমার দে-সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
