ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে ব্যক্তি ও গোষ্ঠীর উদ্যোগে জেলা ভিত্তিক ক্রিকেট সংস্থা গঠন এবং ক্রিকেটের উন্নয়ন, আয়োজন ও প্রচারের নামে কার্যক্রম পরিচালনার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দৃষ্টিগোচর হয়েছে। এসব উদ্যোগের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিবি।
এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এ ধরনের কোনো সংস্থা, সংগঠন বা উদ্যোগের সঙ্গে বিসিবির কোনো ধরনের সম্পর্ক, অনুমোদন, স্বীকৃতি বা সংশ্লিষ্টতা নেই। তাই এসব সংগঠনকে কোনোভাবেই বিসিবির অনুমোদিত বা স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করা যাবে না।
বিসিবি সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—
১. জেলা ও আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের দায়িত্ব বিসিবির:
বিসিবি সংবিধানের অনুচ্ছেদ ৬.২ অনুযায়ী, সারা দেশে ক্রিকেট সংগঠনের সম্প্রসারণ ও সমন্বয় এবং ক্রিকেট পরিচালনার স্বার্থে বিসিবি নির্ধারিত অঞ্চল অনুযায়ী আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা গঠন নিশ্চিত করার দায়িত্ব বোর্ডের।
২. স্বীকৃতি ও নিয়ন্ত্রণের ক্ষমতা বিসিবির:
সংবিধানের অনুচ্ছেদ ৬.৪ অনুযায়ী, অধিভুক্ত ক্রিকেট সংস্থাগুলোকে স্বীকৃতি প্রদান এবং তাদের কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি বিসিবি কর্তৃক গঠিত আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থাসহ বিভিন্ন অঞ্চল ও অঙ্গসংগঠনের স্বীকৃতি, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে বিসিবি।
৩. জেলা ক্রিকেট সংস্থার নির্দিষ্ট কার্যক্রম থাকতে হবে:
অনুচ্ছেদ ৯.১(খ) অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা ক্রিকেট সংস্থাকে বিসিবি অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুসারে গঠিত হতে হবে। পাশাপাশি জাতীয় ক্রিকেট লীগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, জাতীয় যুব ও বয়সভিত্তিক ক্রিকেটসহ বিসিবি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করতে হবে। নিজ অঞ্চলেও নিয়মিত ক্রিকেট লীগ পরিচালনা করতে হবে।
৪. জেলা ক্রীড়া সংস্থাকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে গণ্য করা হবে:
কোনো জেলায় জেলা ক্রিকেট সংস্থার প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধা গড়ে না ওঠা পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ক্রীড়া সংস্থাকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে গণ্য করার বিধান রয়েছে।
৫. বিসিবির অনুমোদন ছাড়া কোনো সংগঠন স্বীকৃত নয়:
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ, নীতিমালা ও বিধিমালা অনুসরণ করে এবং বিসিবির স্বীকৃতি বা অনুমোদন নিয়ে গঠিত সংস্থা, সংগঠন বা কমিটিই ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে স্বীকৃত বা অনুমোদিত হবে। এসব সংস্থাই বিসিবির সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবে।
৬. অনুমোদন ছাড়া ‘জেলা ক্রিকেট সংস্থা’ দাবি অবৈধ:
বিসিবির স্বীকৃতি বা অনুমোদন ছাড়া কোনো সংস্থা বা সংগঠন নিজেদের ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে দাবি করলে সেটিকে বিসিবির সংবিধান পরিপন্থী অবৈধ সংস্থা হিসেবে বিবেচনা করা হবে।
বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যক্তি ও গোষ্ঠী উদ্যোগে গঠিত এসব সংগঠনের সঙ্গে বিসিবির কোনো সম্পর্ক বা অনুমোদন নেই—এ বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
