মালয়েশিয়ায় কর্মী পাঠানো: ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৭৭৭ জনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় সরকারের ঘোষিত ‘জিরো কস্ট স্কিমে’ ১০ হাজার কর্মী পাঠানোর ক্ষেত্রে ২০২৪ সালে ভিসা পেয়েও যেতে না পারা ১৭ হাজার ৭৭৭ জনকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৩১ আগস্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঁঞার হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
আইনজীবী তানভীর আহমেদ জানান, ২০২৪ সালে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে করা রিটের শুনানিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি কমপ্লায়েন্স প্রতিবেদন দাখিল করে। এতে অনিয়মে জড়িত ও কর্মী পাঠাতে ব্যর্থ রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।
শুনানিতে সরকার জানায়, নতুন উদ্যোগে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরে আদালত তদন্ত কমিটির প্রতিবেদনে চিহ্নিত ১৭ হাজার ৭৭৭ জন ক্ষতিগ্রস্ত কর্মীকে এ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনার নির্দেশ দেন।
মামলাটি চার মাসের জন্য মুলতবি রেখে পরবর্তী পদক্ষেপের পর কমপ্লায়েন্স প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত।
