ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় টিউবওয়েলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম বরুণ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ার কেরামত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম বরুণ দর্শনা শান্তিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে টিউবওয়েলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন শফিকুল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ভোরে স্থানীয়রা টিউবওয়েলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
