সিলেট নগর বিএনপির নতুন কার্যালয় হচ্ছে মন্ত্রীর বাসায়, আজ উদ্বোধন
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানীর রমনা বটমূলে দলটি প্রতিষ্ঠা করেন। দিবসটি উপলক্ষে দেশব্যাপী পাঁচ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
এ উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আজ বিকেল ৪টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপির। প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন।
আলোচনা সভায় জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে জেলার আওতাধীন উপজেলা, পৌর ও ইউনিট পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব কর্মসূচির তথ্য ও ছবি জেলা বিএনপির নির্ধারিত হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, দীর্ঘদিন পর সিলেট মহানগর বিএনপি কার্যালয় পাচ্ছে। নগরীর কাজিরবাজার এলাকায় বাণিজ্যমন্ত্রীর বাসভবনে এই কার্যালয় স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আজ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। দলীয় সূত্র জানায়, নতুন এই কার্যালয় চালু হলে নেতা-কর্মীদের সমন্বয় ও কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। আজকের কর্মসূচির অংশ হিসেবে নতুন কার্যালয়ে নেতা-কর্মীদের জমায়েত ও কার্যক্রম শুরুর প্রস্তুতিও নেওয়া হয়েছে।
