ছবি: সংগৃহীত
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলকে ‘খুব ভালো মানুষ নন’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
একই সঙ্গে আসিফ নজরুলের পোষা ছাগল নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, সুযোগ পেলে আরও একটি ছাগল খাওয়া উচিত ছিল।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে রংপুর অভিমুখে লংমার্চ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি।
আসিফ নজরুলের ছাগল প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল। আসিফ নজরুল খুব ভালো মানুষ না।’
তিনি আরও বলেন, ‘আমি দেখেছি কারা কারা খাইছে, কী খাইছে। একটা না খাওয়াতে আমি তাদের ধিক্কার জানাচ্ছি। তাদের বলছি, আরেকটাও খাইতে। সামনে সুযোগ পেলে আরেকটাও খাবে।’
তবে নিজের বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে দাবি করে নাসীরুদ্দীন বলেন, ‘যেটা আমাকে ফ্রেমিং করা হচ্ছে, এটা সত্য না।’
এর আগে গত বৃহস্পতিবার রাতে একটি টকশোতে অংশ নিয়ে আসিফ নজরুল তার পোষা ছাগল হারিয়ে যাওয়ার ঘটনা এবং এ ঘটনায় তার ছোট মেয়ের মানসিক অবস্থার কথা তুলে ধরেন। ছাগলটি চুরির ঘটনাকে নিজের জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি এ ঘটনায় জড়িতদের সমালোচনা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের শেষ দিকে রাজধানীর হেয়ার রোডে আসিফ নজরুলের সরকারি বাসভবন থেকে তার ছোট মেয়ের পোষা ছাগল নিখোঁজ হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
