ছবি: সংগৃহীত
ব্রিক্স সম্মেলনে যোগ দিতে প্রায় সাত বছর পর ভারতে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সম্মেলনের প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জিনপিংয়ের ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ১২ থেকে ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন চীনা প্রেসিডেন্ট। তবে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বেইজিং।
২০১৯ সালের অক্টোবরে শেষবার ভারত সফর করেছিলেন জিনপিং। এর পর ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষে দুই দেশের সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটে। ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন। চীন চার সেনার মৃত্যুর কথা স্বীকার করলেও বিভিন্ন সূত্রে দেশটির আরও বেশি সেনা নিহত হওয়ার দাবি করা হয়।
তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতির ইঙ্গিত দেখা গেছে। ২০২৪ সালে রাশিয়ার কাজানে মোদী ও জিনপিং বৈঠক করেন। এরপর ২০২৫ সালে চীনে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের সময়ও তাদের পার্শ্ববৈঠক হয়।
১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থিতি বৃদ্ধির মতো বিষয় গুরুত্ব পাবে। সম্মেলনের ফাঁকে মোদী-জিনপিং বৈঠক হলে সীমান্ত পরিস্থিতিসহ দুই দেশের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় আলোচনায় আসতে পারে।
