সিলেট বিভাগে হাম পরিস্থিতির কোনো উন্নতি নেই। প্রতিদিনই নতুন করে সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৭ মাস বয়সী শিশু শুভ তালুকদার সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা গেছে। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, এ সময়ে নতুন করে কোনো নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৯৩ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৮ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন ভর্তি হয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জনসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
নতুন রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলোতে চাপও বেড়েছে। মঙ্গলবার পর্যন্ত বিভাগে বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৯০ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৪ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৩ জন ভর্তি আছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
মৃত্যুর হিসাবেও সুনামগঞ্জ ও সিলেট জেলায় পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগের তথ্যে দেখা যায়, সিলেটে সন্দেহজনক হামে ৬৩ জন ও নিশ্চিত হামে ৪ জন, হবিগঞ্জে যথাক্রমে ১৯ ও ৪ জন, মৌলভীবাজারে ১৩ ও ১ জন এবং সুনামগঞ্জে ৬০ ও ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে।
