https://www.emjanews.com/

18696

sylhet

প্রকাশিত

১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৪

সিলেট

সিলেটে রাষ্ট্রপতির আগমন ঘিরে চলছে কড়া তল্লাশি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর কিছুক্ষণ পরই তিনি সিলেটে এসে পৌঁছাবেন। রাষ্ট্রপতির আগমনকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে কড়া তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

মঙ্গলবার সকাল থেকেই নগরের প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সতর্ক অবস্থান নেয় পুলিশ। সন্দেহভাজন যানবাহন ও পথচারীদের তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার এলাকা, বিমানবন্দর সড়ক, সার্কিট হাউস এবং নগর ভবন সংলগ্ন এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির সঙ্গে সঙ্গে ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। তাঁর এই সফর ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সিলেট মহানগর পুলিশের প্রায় এক হাজার সদস্য এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছেন প্রায় দুই হাজার সদস্য। এছাড়াও সার্বিক নিরাপত্তায় কাজ করছেন র‌্যাব ও বিজিবির সদস্যরা।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, ঢাকা থেকে বিমানযোগে সকাল সোয়া ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন রাষ্ট্রপতি। এরপর মোটর শোভাযাত্রাসহ তিনি সার্কিট হাউসে যাবেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ শেষে দুই ওলির মাজার জিয়ারত ও বিকেলে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।