https://www.emjanews.com/

18700

sylhet

প্রকাশিত

১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৬

আপডেট

১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৫

সিলেট

সিলেটে দুই ওলির মাজার জিয়ারতে রাষ্ট্রপতি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৬

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তিনি দরগাহ এলাকায় পৌঁছান এবং ওলির মাজার জিয়ারত সম্পন্ন করেন।

মাজারে পৌঁছে রাষ্ট্রপতি ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। মাজার জিয়ারতের সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির আগমন ঘিরে মাজার ও আশপাশের এলাকায় সাধারণ দর্শনার্থীদের চলাচল সীমিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দুপুর ১২টায় সার্কিট হাউসে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সফরসূচি অনুযায়ী, শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি এখন হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হবেন। এরপর বিকেলে সিলেট নগর ভবনে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।