https://www.emjanews.com/

18697

sylhet

প্রকাশিত

১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৬

আপডেট

১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৯

সিলেট

কড়া নিরাপত্তায় সিলেটে রাষ্ট্রপতি, পৌঁছেছেন সার্কিট হাউসে

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৬

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে পৌঁছালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি সিলেট সার্কিট হাউসে গিয়ে পৌঁছেছেন। সেখানে পৌঁছালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতর করেন তিনি। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

বিমানবন্দর থেকে কড়া পুলিশি পাহারায় মোটর শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন। রাষ্ট্রপতির যাত্রাপথে নগরের নির্ধারিত পয়েন্টগুলোতে সিলেট মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে তাঁকে হাত নেড়ে স্বাগত জানান।

সফরসূচি অনুযায়ী, সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি দুপুরেই হযরত শাহজালাল (রহ.) এবং পরবর্তীতে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করতে যাবেন।

রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে বিমানবন্দর সড়ক থেকে শুরু করে সার্কিট হাউস এবং নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মাজার জিয়ারত শেষে বিকেলে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।