নভেম্বরের মধ্যে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৫
ছবি: সংগৃহীত
সিলেটসহ দেশের সকল বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থায় গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সংস্থাটির নির্দেশনায় আগামী নভেম্বরের মধ্যে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর এনএসসির নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক দাপ্তরিক স্মারকে এই নির্দেশনা প্রদান করা হয়।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ক্রীড়া সংস্থাকে আগামী অক্টোবর মাসের মধ্যে নির্বাচনী তফশিল ঘোষণা করতে হবে এবং নভেম্বরের মধ্যে ভোটগ্রহণ ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করতে হবে। বর্তমানে দায়িত্ব পালন করা অ্যাডহক কমিটিগুলোকে এই নির্বাচন আয়োজনের যাবতীয় প্রস্তুতি গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্মারকে উল্লেখ করা হয় যে, ক্রীড়া সংস্থাগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে গঠিত অ্যাডহক কমিটির প্রধান কাজই হলো সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক এবং সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল।
এর ঠিক দুই দিন পর ১০ সেপ্টেম্বর বিভাগীয় কমিশনারকে সভাপতি ও ক্রীড়া সংগঠক সিদ্দিকুর রহমান পাপলুকে সদস্য সচিব করে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিও অনুমোদন পায়। এখন এই কমিটিগুলোর ওপরই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের গুরুদায়িত্ব বর্তাল।
ইতোমধ্যে দেশের বেশ কিছু জেলায় নির্বাচনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে বলে এনএসসি সূত্রে জানা গেছে।
